বোমা নয় বার্তা বড়? চিরকুটে উত্তপ্ত রাজনীতি।
মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া বাজারে বিএনপি অফিসের সামনে থেকে চিরকুটসহ দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাজার এলাকায় বিএনপি অফিসের সামনে লাল ও কালো টেপে মোড়ানো দুটি বস্তু পড়ে থাকতে দেখা যায়। এর পাশেই একটি হাতে লেখা চিরকুট পাওয়া যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে গাংনী থানার একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে বোমাসদৃশ বস্তু দুটি ও চিরকুটটি উদ্ধার করে।
এ বিষয়ে মটমুড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মাজহারুল ইসলাম বলেন, “দুটি বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে। আমার ধারণা, উদ্দেশ্যমূলকভাবে কেউ এলাকায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।”
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বোমাসদৃশ বস্তু দুটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এর সঙ্গে জড়িত, তা শনাক্তে কাজ চলছে।”
তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট। তবে প্রাথমিকভাবে বস্তু দুটি তেমন সক্রিয় বিস্ফোরক নয় বলেই ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত করা যাবে।
Leave a Reply