পাবনার চাঞ্চল্যকর আব্দুল বারেক হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১২। গ্রেফতারকৃতরা হলেন চাটমোহর থানার সজনাই দক্ষিণপাড়া এলাকার জাহের মোল্লার ছেলে ও মামলার ১ নম্বর আসামি রবি মোল্লা (৪২) এবং তার স্ত্রী ও মামলার ৬ নম্বর আসামি রেশমা খাতুন (৩০)। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে ঈশ্বরদী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার জানান, শুক্রবার রাতে ঈশ্বরদীর আরামবাড়ীয়া বাজার ও ভাদুর বটতলা বাজার এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আরামবাড়ীয়া বাজার থেকে রেশমা খাতুনকে এবং ভাদুর বটতলা বাজার এলাকা থেকে তার স্বামী রবি মোল্লাকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৯ আগস্ট দুপুর দুইটার দিকে চাটমোহর উপজেলার পাশ্লাডাঙ্গা ইউনিয়নের সজনাই এলাকায় পূর্ব শত্রুতার জেরে রবি মোল্লার বাড়ির সামনের পাকা রাস্তায় আব্দুল বারেক (৩৬) নামের এক যুবকের ওপর হামলা চালানো হয়।
এ সময় আসামিরা লোহার রড, কাঠের লাঠি ও বাঁশ দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে, যা পরবর্তীতে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এই ঘটনায় ভিকটিমের চাচা ওয়াহাব আলী প্রামানিক বাদী হয়ে চাটমোহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের পরবর্তী আইনি পদক্ষেপের জন্য চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন