চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী সদরের পাহাড়ি অঞ্চলে পিডিবির বৈদ্যুতিক লোহার খুঁটি কেটে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। রাতের আঁধারে সংঘটিত এই ঘটনায় বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে দোহাজারী আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকা থেকে পিডিবির একাধিক বৈদ্যুতিক লোহার খুঁটি কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, লোহার খুঁটি কাটতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। একই ধরনের আরও কয়েকটি ঘটনার ভিডিও ফুটেজও রয়েছে বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত আনুমানিক ৯টার দিকে লোহা কাটার মেশিনের বিকট শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেন—দিনের বেলায় অফিসিয়াল ঝামেলা থাকায় রাতেই কাজ করতে হয়েছে।
এ সময় ট্রলি চালক ও তার সহযোগীরা জানান, পিডিবির কর্মকর্তা বেলালের নির্দেশে তারা বৈদ্যুতিক খুঁটি সরিয়ে নিচ্ছেন এবং এগুলো পিডিবি অফিসে জমা দেওয়া হবে।
তবে এ বিষয়ে জানতে চাইলে পিডিবির কর্মচারী পরিচয় দেওয়া মোহাম্মদ বেলাল রাতের আঁধারে খুঁটি কাটার ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন।
অন্যদিকে পিডিবির ঠিকাদার আব্দুল মান্নান জানান, তার নাম ব্যবহার করে এই কাজ করা হচ্ছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি ভিডিওসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। তবে বর্তমান পরিস্থিতিতে সরাসরি পদক্ষেপ নিতে গেলে সমস্যার আশঙ্কা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
দোহাজারী পিডিবির আবাসিক প্রকৌশলী রুকনুজ্জামান বলেন, “রাতের বেলায় বৈদ্যুতিক খুঁটি কাটার বিষয়ে আমি অবগত নই। প্রকল্প সংশ্লিষ্ট যারা কাজ করছে, তারাই বিস্তারিত বলতে পারবে।”
এ ঘটনায় দোহাজারী এলাকায় বিদ্যুৎ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Leave a Reply