পূজায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: চট্টগ্রাম পুলিশ সুপার
- আপডেট সময় : ০৫:০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আসন্ন দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমে যে কোনো ধরণের গুজব, অপপ্রচার বা উসকানিমূলক তথ্য ছড়ানো থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। তিনি জানিয়েছেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার করার মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। এ ধরনের অপতৎপরতার খবর পাওয়া মাত্রই দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।
রোববার সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে জেলার ১৭টি থানার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় বাংলাদেশ আনসার ও ভিডিপি চট্টগ্রাম জেলার কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন ও সার্বক্ষণিক সেগুলো সচল রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত আলোকসজ্জা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ এবং বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা এবং তাদের জন্য বিশেষ সহায়তার পরিবেশ তৈরি রাখার বিষয়ে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানের কথা জানিয়েছে। পূজার সময় ভক্তদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।
ধর্মীয় সম্প্রীতি অটুট রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে সম্প্রীতি কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে পূজামণ্ডপে মাইক ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার। এছাড়া মসজিদে আজান ও নামাজের সময় বিশেষ সতর্কতা ও সংবেদনশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে, যাতে কোনোভাবেই ধর্মীয় ভাবগাম্ভীর্য বিঘ্নিত না হয়। সংশ্লিষ্ট সব পক্ষকে পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি টানা হয়।
সূত্র: দৈনিক আমার দেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























