দেশের ২০টি শাখায় নাশকতা ও অগ্নিসংযোগে গ্রামীণ ব্যাংকের তীব্র নিন্দা
- আপডেট সময় : ১২:০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ ব্যাংকের শাখাসমূহে সাম্প্রতিক ধারাবাহিক অগ্নিসংযোগ, ভাঙচুর এবং নাশকতার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। মঙ্গলবার প্রধান কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। গত ১০ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোণা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাংকের মোট ২০টি শাখায় এই হামলার ঘটনা ঘটে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ১৫ নভেম্বর সন্ধ্যায় গোপালগঞ্জের উলপুর শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও মনিটর ভেঙে ফেলা হয় এবং হার্ডডিস্ক নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। একই সময়ে টুঙ্গিপাড়ার পাটগাতী শাখায় অগ্নিসংযোগে কার্যালয়ের প্রায় সকল নথিপত্র ও সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়। গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ বলছে, এটি শুধুমাত্র কোনো আর্থিক প্রতিষ্ঠানের সম্পদ বা অবকাঠামোর ওপর আঘাত নয়, বরং এটি সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা, জীবন-জীবিকা এবং তাদের দীর্ঘদিনের অর্জিত আস্থার ওপর একটি বড় ধরণের আঘাত।
অক্টোবর ২০২৬-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের বর্তমানে ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারেরও বেশি সদস্য রয়েছে। দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ২ হাজার ৫২৮টি শাখার মাধ্যমে ব্যাংকটি তার কার্যক্রম পরিচালনা করছে। এই বিস্তৃত নেটওয়ার্কের সঙ্গে অসংখ্য পরিবারের সঞ্চয়, বিনিয়োগ ও ভবিষ্যৎ জড়িয়ে আছে। ব্যাংকটির দাবি, একটি শাখা ক্ষতিগ্রস্ত হলে আসবাবপত্র বা কম্পিউটারই নষ্ট হয় না, বরং অসংখ্য নারী উদ্যোক্তা, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী তাদের প্রয়োজনীয় আর্থিক সেবা থেকে বঞ্চিত হন, যা গ্রামীণ অর্থনীতির জন্য অশনিসংকেত।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংকটির মালিকানা ও কার্যক্রম নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়। এ বিষয়ে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সচেতন থাকার আহ্বান জানিয়ে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস বা প্রচার করা থেকে সবার বিরত থাকা উচিত। যে কোনো তথ্যের সত্যতা নিশ্চিত করতে নিকটস্থ গ্রামীণ ব্যাংক শাখা অথবা অনুমোদিত প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে গ্রামীণ ব্যাংক। একই সঙ্গে অপরাধীদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দেশজুড়ে ব্যাংকের সকল শাখা, কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আহ্বান জানানো হয়েছে।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























