তাড়াশে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নিমগাছী বাজারে সিমেন্টবোঝাই একটি ট্রাকের ধাক্কায় আবু বক্কর (৫৮) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নিমগাছী বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আবু বক্কর উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আরংগাইল গ্রামের মরহুম মইর আলী আকন্দের বড় ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।
নিহতের বড় ছেলে আব্দুল জলিল জানান, সকালে মাছ কেনার জন্য তার বাবা নিমগাছী বাজারে যান। এ সময় দ্রুতগতির একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত ওসি হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ কোনো অভিযোগ বা তথ্য জানায়নি। বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply