রংপুরের কাউনিয়া উপজেলায় জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত ‘আলোর দিশারী পাঠাগার’ ইতোমধ্যে সরকারি স্বীকৃতি লাভ করেছে।
সমাজসেবা অধিদপ্তরের অন্তর্ভুক্ত এই প্রতিষ্ঠানটি স্বল্প সময়েই স্থানীয় শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।২০২৪ সালের অক্টোবর মাসে ‘জিন্না চম্পা ফাউন্ডেশন’-এ যাত্রা শুরু করা পাঠাগারটি বর্তমানে শিক্ষাবান্ধব নানা উদ্যোগ গ্রহণ করে এলাকাবাসীর আস্থা অর্জন করেছে।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও পাঠাগারের স্বপ্নদ্রষ্টা সভাপতি আবু হাসান রানার দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন কাউনিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক হুমায়ন কবির তারা।এরই ধারাবাহিকতায় পাঠাগার কর্তৃপক্ষ দেশের যুব সমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম চালু করেছে।
গত ১লা এপ্রিল অনুষ্ঠিত এক সভায় জাপানি ভাষা কোর্স পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন আবু হাসান রানা, আব্দুর রাজ্জাক, সাইফুর রহমান (মুক্তা), হুমায়ুন কবির (তারা), শহিদার রহমান এবং পাঠাগার পরিচালক আহসান হাবীব তুহিনসহ সংশ্লিষ্টরা।
পাঠাগার সূত্রে জানা যায়, আগামী ১৫ এপ্রিল থেকে ৪ মাস মেয়াদি জাপানি ভাষা কোর্স শুরু হবে। এই কোর্সের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্তদের সরকারি ব্যবস্থাপনায় জাপানে যাওয়ার সুযোগ সৃষ্টি হবে।বর্তমানে জাপানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। ‘আইএম জাপান’-এর আওতায় টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।
আগামী পাঁচ বছরে এক লাখ কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এ লক্ষ্যে ‘জাপান সেল’ গঠন করা হয়েছে।বিশেষজ্ঞরা মনে করছেন, জাপানি ভাষায় দক্ষতা অর্জন করলে বিদেশগমনেচ্ছুদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে।
ভাষাগত দক্ষতা থাকলে সরকারি খরচে জাপানে গিয়ে কাজ করার সুযোগ পাওয়া সহজ হবে, যা একজন মানুষকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‘আলোর দিশারী পাঠাগার’-এর এই উদ্যোগ স্থানীয় তরুণদের জন্য এক সুবর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। আগ্রহীদের দ্রুত যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
যোগাযোগ:হুমায়ন কবির তারা–০১৭১৭২৭৭৮৩৪ আহসান হাবীব তুহিন–০১৯০৫৯৩১৮৫৭ স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের উদ্যোগ তরুণদের দক্ষতা উন্নয়ন ও বৈদেশিক কর্মসংস্থানের পথকে আরও সুগম করবে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
Leave a Reply