কুড়িগ্রামে পকেটে মোবাইল বিস্ফোরণে দগ্ধ যুবক।
জেলা সদরে পকেটে থাকা টেকনো ব্র্যান্ডের একটি মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে দগ্ধ হয়েছেন এক যুবক। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সদর উপজেলার ভোগডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোবাইল বিষ্ফোরণে দগ্ধ যুবকের নাম পলাশ ইসলাম। বিস্ফোরিত ফোনটির মডেল টেকনো স্পার্ক ৪০ প্রো (Tecno Spark 40 Pro)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বড় ভাই মাহমুদুন্নবী মারুফ ও পলাশ ইসলাম দুই ভাই ব্যক্তিগত কাজে ভোগডাঙ্গা যাচ্ছিলেন। চলন্ত অবস্থায় পলাশের পকেটে থাকা ফোনটি হঠাৎ অস্বাভাবিকভাবে গরম হয়ে যায়। কিছুক্ষণ পর বিকট শব্দে ফোনটি বিস্ফোরিত হয়। এতে আগুনের স্ফুলিঙ্গ পাশে থাকা পলাশের উরুতে লাগে এবং তিনি দগ্ধ হন।
দগ্ধ পলাশ জানান, “ পকেটে রেখেছিলেন। হঠাৎ গরম হয়ে যায়। ভাবছিলাম স্বাভাবিক বিষয়। কিন্তু কিছুক্ষণ পরই টেকনো স্পার্ক ৪০ প্রো ফোনটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। তখন আমার পাশে উরুতে আগুনের ছিটে লাগে।”
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে মোবাইল ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ জানুয়ারি, ভোলায় তানভীর হোসেন নামে এক যুবক বাইকে করে ফেরার পথে প্যান্টের পকেটে থাকা Infinix Hot 50 Pro Plus মোবাইল বিস্ফোরিত হয়ে গুরুতর দগ্ধ হন।
অপরদিকে ১৭ ফেব্রুয়ারি, রাজধানীর সায়েদাবাদে শাহাদাত নামে এক যুবকের পকেটে থাকা Symphony ব্র্যান্ডের মোবাইল বিস্ফোরিত হয়ে তার হাতের আঙুল ও পায়ের কিছু অংশ মারাত্মকভাবে পুড়ে যায়।
এই ধারাবাহিক ঘটনাগুলো সাধারণ মানুষের মধ্যে মোবাইল নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, নিম্নমানের চার্জার ব্যবহার, অতিরিক্ত চার্জ দেওয়া এবং গরম অবস্থায় ফোন পকেটে রাখা—এসব কারণে ব্যাটারি অতিরিক্ত উত্তপ্ত হয়ে বিস্ফোরণের ঝুঁকি বাড়ে।
তারা ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছেন, ১০০% চার্জ হয়ে গেলে ফোন আনপ্লাগ করতে, চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার না করতে এবং গরম পরিবেশে ফোন পকেটে না রাখার জন্য।
Leave a Reply