ইটভাটায় অবৈধ সার মজুদের দায়ে ৪ লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ০৬:১৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
ইটভাটায় অবৈধ সার মজুদের দায়ে ৪ লাখ টাকা জরিমানা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইটভাটায় অবৈধভাবে সার মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ইটভাটা মালিকসহ দুজনকে জরিমানা করা হয়েছে। এ সময় ইটভাটার দুটি কক্ষ ও একটি দোকান থেকে বিপুল পরিমাণ ইউরিয়া, ডিএপি ও এমওপি সার উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের কুড়ারপার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে খোকন ট্রেডার্সের স্বত্বাধিকারী ও ইটভাটা মালিক শফিকুল ইসলাম খোকনকে ৪ লাখ টাকা এবং রফিক ট্রেডার্সের মালিক ও বালাইনাশক ডিলার রফিকুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
পড়ুন>>স্যামসাং ওয়ালেটে যুক্ত হলো কাতারের জাতীয় পেমেন্ট কার্ড ‘হিময়ান
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, ইটভাটার দুটি কক্ষ থেকে ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। এছাড়া পাশের একটি দোকান থেকে সাড়ে ৯ বস্তা এমওপি সার উদ্ধার করা হয়েছে।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব শহিদুল ইসলাম আকন্দ, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন>>এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে সার মজুতের দায়ে সংশ্লিষ্টদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধভাবে সার মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।




















