কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ও ঘটনার সংশ্লিষ্ট সাক্ষীরা।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় নাগেশ্বরী সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঘটনার সাক্ষী আতাউর রহমান বলেন, একটি মহল দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে মামলার তদন্তকে ভিন্নখাতে প্রবাহিত ও তদন্ত প্রতিবেদনের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় একটি জাতীয় দৈনিকে ‘নাগেশ্বরীতে ঘুষ খেয়ে মিথ্যা তদন্ত প্রতিবেদন, অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে’ শিরোনামে প্রকাশিত সংবাদে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে।
তিনি দাবি করেন, প্রতিবেদনে বিবাদীপক্ষ ঘটনাস্থলে ছিলেন না বলে উল্লেখ করা হলেও বাস্তবে তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং স্ব-শরীরে জমি জবরদখলের ঘটনায় নেতৃত্ব দেন। ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা এসআই শিমুল সরকার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত ১৮ জুন বিবাদীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, ভিত্তিহীন সংবাদ প্রকাশের মাধ্যমে মামলার তদন্ত কর্মকর্তা এবং ভুক্তভোগী পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। এ ধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি প্রকৃত তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের দাবি জানান।
Leave a Reply