
বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ
দিনাজপুরের বিরল উপজেলা ক্রীড়া সংস্থার উদীয়মান খেলোয়াড় আবু বক্কর সিদ্দিক আরশ বিকেএসপিতে ৪০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণের জন্য বাছাইয়ে উত্তীর্ণ হয়েছেন।
“নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” থেকে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৪০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, সাভার, ঢাকা এবং বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটে এ প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে নির্বাচিত খেলোয়াড়দের প্রশিক্ষণ ক্যাম্পে যোগদানের লক্ষ্যে প্রয়োজনীয় নিবন্ধন সম্পন্ন করার জন্য নির্দেশনা দিয়েছে বিকেএসপি। এরই ধারাবাহিকতায় আগামী ১৮ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিটের মধ্যে বিকেএসপি, জিরানী, সাভার, ঢাকায় প্রশিক্ষণে যোগদান করবেন বিরল উপজেলা ক্রীড়া সংস্থার উদীয়মান খেলোয়াড় আবু বক্কর সিদ্দিক আরশ।
শৈশব থেকেই আবু বক্কর সিদ্দিক আরশকে প্রশিক্ষণ দিয়ে আসছে বিরল উপজেলা ফুটবল একাডেমি। বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য বাছাইয়ে উত্তীর্ণ হওয়ায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাঁর আগামী দিনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে।
এদিকে আবু বক্কর সিদ্দিক আরশ বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য বাছাইয়ে উত্তীর্ণ হওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিরল উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম, বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, বিরল উপজেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য প্রকৌশলী মমতাজুর রহমান মিন্টু, বিরল উপজেলা ফুটবল একাডেমির প্রশিক্ষক, কোচ ও রেফারী আহসান হাবিব আপেলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
তাঁরা পৃথক পৃথক বার্তায় আবু বক্কর সিদ্দিক আরশের সাফল্য কামনা করে বলেন, তাঁর এই অর্জন বিরলের ক্রীড়াঙ্গনের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করে বিরলের সুনাম বয়ে আনবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।
মন্তব্য করুন