বাড়িঘর ভাঙচুর লুটপাট ও যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগে সুন্দরগঞ্জে মানববন্ধন ও সংবাদ সম্মেলন।
গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতবাড়ি ভাংচুর করে লুটপাট ও যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারগুলো।
১ জুন (সোমবার) দুপুরে সুন্দরগঞ্জ টু মাওলানা ভাসানী সেতু সড়কের মধ্য বেলকার ফারুকের মোড় এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারগুলো।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ভুক্তভোগী পরিবারগুলোর মোঃ মিসবাহুর রহমান, শামছুল হক, মকবুল মিয়া , লাভলু মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন -প্রতিবেশী ছায়েদ আলী, মন্জু মিয়া, শাহ আলম, সাহাবুদ্দিনসহ তাদের স্বজন ও সহযোগীরা জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাদের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করে তাদের বাড়ি ছাড়া করে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়। এতে ভুক্তভোগী ১০টি পরিবার নিজ বাড়িতে ফিরতে পারছে না। ফলে তারা দীর্ঘদিন ধরে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এছাড়াও একই কারণে এলাকার আরও প্রায় ৮টি পরিবার চলাচল সংকটে পড়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিজবাহুর রহমান বলেন, তিনি, তার জ্ঞাতিভাই মিজানুর রহমান ও মাজহারুল ইসলাম দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে এসে দেখেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। তিনি দাবি করেন, অভিযুক্ত ব্যক্তিরা তাদের পৈতৃক সম্পত্তি নিজেদের বলে দাবি করে দীর্ঘদিন ধরে বিরোধ সৃষ্টি করে আসছেন।
তিনি আরও অভিযোগ করে বলেন ,গত ৬ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে তার বাবা আব্দুল মতিন এবং ভাতিজা সৌরভের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে তারা গুরুতর আহত হন।
ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে তাদের বাড়িতে সশস্ত্র হামলা চালায়, ঘটনা স্থলে তাদের হামলায় তাদেরই একজন গুরুতর আহত হলে মেডিকেল ভর্তি করা হলে তিনি মারা।মৃত ব্যক্তির দায়ভার আমাদের উপর চাপিয়ে দিয়ে দিয়ে আমাদের নামে মামলা হামলা সহ বিভিন্ন হয়রানি করে আসছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরো দাবি করা হয়, হামলাকারীরা বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালিয়ে ১৬টি ফ্রিজিয়ান জাতের গরু, ছাগল, হাঁস-মুরগি, তিনটি মোটরসাইকেল, প্রায় ২৮ ভরি স্বর্ণালংকার, নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
এছাড়া জমির দলিল, কীটনাশক ব্যবসার লাইসেন্স, ব্রিডিং লাইসেন্স, ব্যাংক সংক্রান্ত কাগজপত্র এবং পরিবারের বিভিন্ন সদস্যের জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদপত্রও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। এতে তাদের প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।
বক্তব্যে আরও বলা হয়, ঘটনার পর উল্টো তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার ভয় ও নিরাপত্তাহীনতার কারণে পরিবারগুলো বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়। এই সুযোগে বাড়িতে থাকা অবশিষ্ট মালামালও লুট করে নেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।
ভুক্তভোগীদের দাবি, সর্বশেষ অভিযুক্তরা তাদের বাড়িতে প্রবেশের একমাত্র যাতায়াতের রাস্তা টিন দিয়ে ঘিরে বন্ধ করে দিয়েছে। ফলে তারা নিজেদের বাড়িতে প্রবেশ করতে পারছেন না এবং স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। শিশু, নারী ও বয়স্ক সদস্যরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন বলে তারা জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো কার্যকর ফল পাওয়া যায়নি। তাই তারা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগীরা অবিলম্বে যাতায়াতের রাস্তা উন্মুক্ত করা, হামলা ও লুটপাটের ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
এদিকে স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছেন।
Leave a Reply