বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সোহাগ শেখ (৪২) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোল্লাহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ শেখ উপজেলার উদয়পুর গ্রামের দাউদ শেখের ছেলে। তিনি মোল্লাহাট বাজারে ঢেউটিনের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং সেখানে তার একটি দোকান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সোহাগ শেখ। বাজারের পশ্চিম পাশে একটি পানের দোকানের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি সড়কের ওপর পড়ে যান।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব কুমার পাল জানান, হাসপাতালে আনার আগেই সোহাগ শেখের মৃত্যু হয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক বলেন, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি সোহাগ শেখকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার শরীরে তিনটি গুলি লেগেছে।
তিনি আরও জানান, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
Leave a Reply