তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয়
- আপডেট সময় : ১২:৩০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
টঙ্গীর রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে ভাসমান অবস্থায় বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে এই মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, মরদেহের পরনে কালো জামা ও সাদা পাজামা ছিল। তাঁর পকেটে পাওয়া আইফোন ও হাতের ঘড়ির সূত্র ধরে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরদেহটি সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। ওই ফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান। তিনি জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। নৌপুলিশ বিষয়টি নিয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করছে। এদিকে, তাহসিফের পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। অনেকে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের সময়কার ভিডিও ভাইরাল হওয়ার প্রসঙ্গটি টেনে আনছেন। তবে এই ভিডিওর সাথে সংশ্লিষ্টতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে দেশত্যাগের ভিডিও তাহসিফ ছড়িয়ে দিয়েছিলেন বলে আলোচনা আছে।
গত বছরের ৪ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফকে প্রাতিষ্ঠানিক নিয়ম মেনে এবং কোনো ধরনের অভিযোগ ছাড়াই যথাযথ প্রক্রিয়ায় অব্যাহতি দেওয়া হয়েছে। তৎকালীন সময়ে তাঁর অবসরের বিষয়টি অন্য প্রেক্ষাপটে ঘটেছিল বলেও আইএসপিআর উল্লেখ করেছিল। পুলিশ জানিয়েছে, নৌপুলিশের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।
সূত্র: দৈনিক এইদিন

























