ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া বেগবতী নদী থেকে এক ট্রাক হেলপারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম রমজান আলী, তিনি সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রমজান আলী গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় দুই দিন আগে তার পরিবারের সদস্যরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। শনিবার বেলা ১২টার দিকে বেগবতী নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
সদর থানার এসআই টিপু সুলতান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সূত্র: Daily Amar Desh
Leave a Reply