চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পোড়া গ্রামে গান-বাজনা ও বাদ্যযন্ত্র নিষিদ্ধের ঘোষণা দিয়েছিল স্থানীয় মসজিদ কমিটি। তবে বিষয়টি প্রশাসনের নজরে আসার পর পুলিশ গ্রামে টাঙানো ফেস্টুনগুলো অপসারণ করেছে।
জানা গেছে, গত ডিসেম্বর মাসে পোড়া গ্রামের মসজিদ কমিটির পক্ষ থেকে একটি নোটিশ জারি করে গ্রামে প্রকাশ্যে গান-বাজনা ও বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ ঘোষণা করা হয়। নোটিশে বলা হয়, গ্রামের পরিবেশ, যুবসমাজের নৈতিকতা এবং পারিবারিক শান্তি রক্ষার স্বার্থে ‘শিরক, বিদআত, গান-বাজনা ও অপসংস্কৃতি’ পরিহারের সিদ্ধান্ত নিয়েছে গ্রামবাসী। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়।
এ ঘোষণার পর থেকে গ্রামে প্রকাশ্যে গান-বাজনা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।
নোটিশটি ঘিরে গ্রামবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
কেউ এটিকে সামাজিক শৃঙ্খলা রক্ষার উদ্যোগ হিসেবে দেখছেন। আবার অনেকের মতে, বিয়ে-সাদি, খতনা কিংবা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে গান-বাজনা ও বাদ্যযন্ত্র পুরোপুরি বন্ধ রাখা বাস্তবসম্মত নয়।
নোটিশ জারির পাশাপাশি গ্রামে সতর্কীকরণ বার্তা দিয়ে কয়েকটি ফেস্টুনও টাঙানো হয়েছিল। নিষেধাজ্ঞার আওতায় শুধু সামাজিক অনুষ্ঠান নয়, ব্যবসা প্রতিষ্ঠান এবং ভ্রাম্যমাণ ফেরিওয়ালাদের ক্ষেত্রেও গান-বাজনা ও বাদ্যযন্ত্র ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়।
গ্রামের এক দোকানদার আসলাম বলেন, “গ্রামের নিয়ম মেনেই টেলিভিশনে খবর ছাড়া গান-বাজনা দেখা হয় না। এতে যদি পরিবেশ ভালো থাকে, সেটাই ভালো।”
তবে গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম বলেন, “নোটিশ জারি করে বা ফেস্টুন টাঙিয়ে জোর করে বিয়ে-শাদীর অনুষ্ঠানে গান-বাজনা বন্ধ করা যাবে না। কেউ না পড়ালে অন্য মৌলভি এনে বিয়ে পড়ানো হবে।”
সম্প্রতি বিষয়টি প্রশাসনের নজরে এলে পুলিশ গ্রামে টাঙানো ফেস্টুনগুলো অপসারণ করে বলে জানান স্থানীয়রা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, “পোড়া গ্রামে গান-বাজনা নিষিদ্ধ ঘোষণার বিষয়টি জানার পর ফেস্টুনগুলো অপসারণ করা হয়েছে। গ্রামবাসীকে আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।”
এ বিষয়ে মসজিদ কমিটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া গ্রামের কয়েকজন এ বিষয়ে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন বলেন, “কোনো মসজিদ কমিটি এভাবে গান-বাজনা নিষিদ্ধ করতে পারে না। এর কোনো আইনি ভিত্তি নেই। আমরা বিষয়টি তাদের বুঝিয়েছি, তারা ভুল স্বীকার করেছেন।”
তিনি আরও জানান, এ ঘটনায় মসজিদ কমিটিকে গ্রামবাসীদের নিয়ে বৈঠক করে লিখিতভাবে ভুল স্বীকার করে মুচলেকা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply