খুলনায় সন্ত্রাসী গ্রুপ ‘বি-কোম্পানি’র দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে এবং তার পরবর্তী সময়ে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকা থেকে শামীম সরদার ওরফে ঢাকাইয়া শামীমকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর গোবরচাকা মেইন রোড এলাকার সামসুল হক সরদারের ছেলে। এর ঠিক এক ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে একই থানার গোবরচাকা নবীনগর এলাকা থেকে তার আপন বড় ভাই মাসুম সরদার ওরফে ঢাকাইয়া মাসুমকে (৪০) আটক করা হয়।
কেএমপি’র তথ্য অনুযায়ী, শামীম বি-কোম্পানির একজন শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধিসহ বিভিন্ন অপরাধে মোট নয়টি মামলা রয়েছে। অন্যদিকে, তার বড় ভাই মাসুমের বিরুদ্ধেও অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সাজা পরোয়ানাসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। বর্তমানে গ্রেপ্তারকৃত এই দুই ভাইয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সূত্র: মানবজমিন
Leave a Reply