কুড়িগ্রামে প্রস্তাবিত ডিসি পার্ক নির্মাণে ডিসিসহ সাতজনকে আইনি নোটিশ।
কুড়িগ্রাম সদরের ধরলা ব্রিজের পূর্বপাড়ে সরকারি জমিতে প্রস্তাবিত ‘ডিসি পার্ক’ নির্মাণ ও নামকরণে আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসকসহ (ডিসি) সাত কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (৩০ জুলাই) কুড়িগ্রামের বাসিন্দা মামুনুর রশিদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এই নোটিশ পাঠান। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী নিজেই।
নোটিশপ্রাপ্ত অন্য কর্মকর্তারা হলেন, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) প্রধান প্রকৌশলী ও রংপুর বিভাগীয় কমিশনার।
নোটিশে উল্লেখ করা হয়েছে, সওজ-এর আওতাধীন প্রায় ৩০ একর জমির মধ্যে ১৬ একর জমিতে পার্ক নির্মাণের কাজ শুরু হলেও এখনো জমি হস্তান্তর বা মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়নি। সরকারি জায়গায় ডিসির পদবির নামে পার্কের নামকরণ করা আইনি ভিত্তিহীন ও প্রশাসনিক অনিয়ম বলে নোটিশে উল্লেখ করা হয়।
ইশরাত হাসান বলেন, “সরকারি জায়গায় সরকারি কর্মচারীর পদের নামে পার্কের নামকরণ করার কোনো আইনি ভিত্তি নেই। এটি ক্ষমতার অপব্যবহার হিসেবে গণ্য হতে পারে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করলে হাইকোর্টে রিট আবেদন করা হবে।”
এদিকে স্থানীয়রা পার্কটির নাম ‘ধরলা পার্ক’ বা ‘ধরলা উদ্যান’ রাখার দাবি জানিয়েছেন। জেলা প্রশাসকের কাছে দেওয়া আবেদনপত্রে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৪০০ জনের স্বাক্ষর রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ‘ডিসি পার্ক’ নামকরণের সমালোচনা চলছে।
জানা গেছে, জেলা প্রশাসক নুসরাত সুলতানার উদ্যোগে ধরলা ব্রিজের পূর্বপ্রান্তে ১৬ একর সরকারি জমিতে পার্ক নির্মাণ কাজ শুরু হয়েছে। পার্কের নির্মাণ উদ্যোগকে স্বাগত জানালেও স্থানীয়রা মনে করছেন, জেলার ইতিহাস-ঐতিহ্য প্রতিফলিত করে নামকরণ করা হলে কুড়িগ্রামের পরিচিতি আরও বাড়বে।
Leave a Reply