ইরানের সঙ্গে চলমান সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ট্রাম্প প্রশাসন যখন তীব্র সমালোচনার মুখে পড়েছে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতের দীর্ঘস্থায়ী যুদ্ধের ইতিহাস টেনে এর জবাব দিয়েছেন। ট্রাম্পের দাবি, অতীতের রক্তক্ষয়ী ও দীর্ঘমেয়াদি মার্কিন সামরিক অভিযানগুলোর মতো বর্তমানের এই সংঘাত অতটা বড় আকার ধারণ করেনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট আফগানিস্তান ও ইরাক যুদ্ধের মতো বড় বড় অভিযানের সময়সীমা এবং প্রাণহানির পরিসংখ্যান তুলে ধরেন। সেখানে তিনি বর্তমান ইরান পরিস্থিতির সঙ্গে অতীতের সেসব যুদ্ধের তুলনা করেন।
পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘আফগানিস্তান যুদ্ধ—২০ বছর, ২ হাজার নিহত। ইরাক যুদ্ধ—৯ বছর, ৪ হাজার ৬০০ নিহত।’ এর পরপরই ইরানের সঙ্গে চলমান সংঘাতের বিষয়টি উল্লেখ করে তিনি লেখেন, ‘ইরান সামরিক সংঘাত—৪ মাস, ১৮ জন নিহত।’
ট্রাম্পের এই পরিসংখ্যানের মূল বার্তা হলো, অতীতের দীর্ঘস্থায়ী যুদ্ধগুলোর তুলনায় ইরানের সঙ্গে চলমান সংঘাতের সময়কাল এবং প্রাণহানির সংখ্যা অত্যন্ত নগণ্য। ফলে এ নিয়ে অতিরঞ্জিত সমালোচনা করার কোনো সুযোগ নেই বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।
এর আগেও ট্রাম্প একাধিকবার জোর দিয়ে বলেছিলেন যে, ইরানের সঙ্গে এই উত্তেজনা কোনোভাবেই ভিয়েতনাম, আফগানিস্তান বা ইরাক যুদ্ধের মতো অন্তহীন সংঘাতে রূপ নেবে না। বরং মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য অর্জনের জন্যই এই সামরিক তৎপরতা চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।
Leave a Reply