শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) হলের খাবারের মান নিয়ে কথা বলায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রদলের দুই নেতাকে ৪ সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে আগামী দুই বছর তাদের ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃত দুই ছাত্রনেতা হলেন—পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের যোগাযোগ সম্পাদক হাসিবুর রহমান এবং পরিসংখ্যান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সহ-দপ্তর সম্পাদক তারেক রহমান। উল্লেখ্য, এই দুই নেতাকে সম্প্রতি ছাত্রদল থেকেও বহিষ্কার করা হয়েছে।
রেজিস্ট্রার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪ সেমিস্টার বহিষ্কার ও ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধের পাশাপাশি অভিযুক্তদের আবাসিক হলের সিটও আজীবনের জন্য বাতিল করা হয়েছে।
সিন্ডিকেটের এক সদস্য জানিয়েছেন, মারধরের শিকার ভুক্তভোগী শিক্ষার্থীর শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ওই শিক্ষার্থীর চিকিৎসার যাবতীয় খরচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে বলেও সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১০: ৩৫আপডেট : ২২ জুলাই ২০২৬, ১০: ৪২
Leave a Reply