সংবাদ প্রকাশের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলগুলোতে আরও ১১টি ডিপ ফ্রিজ দেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।
ভিপির আপ্যায়ন, চা-নাস্তা, যাতায়াত ও আনুষঙ্গিক খাতে বরাদ্দ করা ৪ লাখ টাকা শিক্ষার্থীদের কল্যাণে ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ওই অর্থ দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হল ও হোস্টেলের জন্য মোট ১১টি ডিপ ফ্রিজ কেনা হবে। ইব্রাহিম হোসেন রনি জানান, বিশ্ববিদ্যালয়ের ৯টি ছাত্র হল, একটি হোস্টেল এবং সূর্যসেন হলের ছাত্রী ব্লকসহ মোট ১১টি আবাসিক ইউনিটে দীর্ঘদিন ধরে ডিপ ফ্রিজের তীব্র সংকট রয়েছে। ফলে বাড়ি থেকে নিয়ে আসা খাবার সংরক্ষণ করতে না পেরে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ছিলেন। অনেক ক্ষেত্রেই সংরক্ষণের অভাবে খাবার নষ্ট হয়ে যেত, যা শিক্ষার্থীদের জন্য বড় ধরনের আর্থিক ও মানসিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
ইব্রাহিম হোসেন রনি বলেন, “আপ্যায়ন, চা-নাস্তা, যাতায়াতসহ আনুষঙ্গিক খাতে বরাদ্দকৃত অর্থ থেকে আমি ব্যক্তিগতভাবে কোনো টাকা ব্যয় করিনি। পুরো অর্থই জমা রয়েছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি প্রয়োজন পূরণে এ অর্থ ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ ভরসা।” তার এই স্বচ্ছতা ও দায়িত্বশীলতাকে সাধারণ শিক্ষার্থীরা সাধুবাদ জানিয়েছেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ডিপ ফ্রিজ সংকট নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর শিক্ষার্থীদের এ দীর্ঘদিনের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নিলেন চাকসু ভিপি। শিক্ষার্থীদের মতে, ১১টি আবাসিক ইউনিটে ডিপ ফ্রিজ স্থাপন করা হলে খাবার সংরক্ষণের সমস্যা অনেকটাই কমবে এবং দীর্ঘদিনের ভোগান্তি থেকে শিক্ষার্থীরা স্বস্তি পাবেন। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে খাবারের মান ও সংরক্ষণের এই আধুনিকায়ন শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: ডেইলি বাংলাদেশ
মন্তব্য করুন