বিএনপি নেতা মো. রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে নিয়োগের শর্তাবলী উল্লেখ করে বলা হয়েছে, রাশেদ খাঁনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে এই দায়িত্ব পালন করতে হবে। তাঁর এই নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে এবং প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি—এর মধ্যে যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত বহাল থাকবে। এছাড়া নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
নিয়োগ পাওয়ার পর সোমবার (২০ জুলাই) রাশেদ খাঁন নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রজ্ঞাপনটি শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী আমাকে তাঁর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন।’
নিজের অনুভূতি প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’
Leave a Reply