গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দূর্গোৎসব।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা বাজার কেন্দ্রীয় কালী মন্দির থেকে ঘাঘট নদীতে শতশত ভক্ত দেবীকে বিদায় জানাতে জড়ো হন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দশমীর সকাল থেকেই জেলা সহ উপজেলার বিভিন্ন মণ্ডপে বেজে ওঠে বিদায় বিষাদের করুণ সুর।
প্রথাগত বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে শান্তি প্রতিষ্ঠার জন্য দেবী দুর্গা স্বর্গলোক কৈলাস ছেড়ে মর্ত্যে আসেন। নির্ধারিত সময় পর্যন্ত বাবার বাড়িতে কাটানোর পর তিনি আবার কৈলাসে ফিরে যান। এই পাঁচদিন ধরে ভক্তরা দেবীর বন্দনা করেন।
বিজয়া দশমীতে পূজা উদযাপনের একটি প্রধান আচার হিসেবে নারীরা সিদুঁর খেলায় অংশ নেন। জেলার মণ্ডপ ও মন্দিরে দুর্গার পায়ে সিঁদুর নিবেদন করা হয়, যা ঐতিহ্যবাহী সিঁদুর খেলার অঙ্গ। এসময় হিন্দু নারীরা একে অপরের গায়ে সিঁদুর মেখে সমৃদ্ধির কামনা করেন।
জেলার ৫৮৭টি পূজা মন্ডপ থেকে পৃথকভাবে দুপুরের পর থেকেই প্রতিমা বিসর্জন শুরু হয়। বিসর্জনের সময় অনেক ভক্ত অশ্রুসিক্ত হন, আবার অনেকেই নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন।
বিসর্জন নির্বিঘ্ন ও নিরাপদ করতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করায় পূজা আয়োজক কমিটি সন্তোষ প্রকাশ করেছেন।
Leave a Reply