বিদেশফেরত কর্মীদের সেবায় জেলায় ওয়ান-স্টপ সেন্টারের তাগিদ
- আপডেট সময় : ০৮:৩১:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
বিদেশফেরত কর্মীদের সেবায় জেলায় ওয়ান-স্টপ সেন্টারের তাগিদ
টাঙ্গাইলে ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ে রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় আয়োজিত এক কর্মশালায় বিদেশফেরত কর্মীদের সামাজিক ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। ‘রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় আয়োজিত এই সভায় সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিদেশফেরতদের বিদ্যমান সেবাগুলো সহজে পাওয়ার উপায় নিয়ে আলোচনা করেন। সুইজারল্যান্ডের সহায়তায় ব্র্যাক এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ শর্মা। তিনি বলেন, বিদেশফেরত কর্মীরা প্রায়ই জানেন না কোথায় গেলে তারা সঠিক সহায়তা পাবেন। তাদের সুবিধার্থে প্রতিটি জেলায় ওয়ান-স্টপ সেবা চালু করা জরুরি।
পড়ুন>>ওসি, ভিডিও ভাইরাল: অবরোধকারীদের যা
এছাড়া বিভিন্ন দপ্তরের তথ্যের ডেটাবেজ সহজলভ্য করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পুনরেকত্রীকরণ মানে শুধু আর্থিক সহায়তা নয়; এর সঙ্গে সামাজিক মর্যাদা, মানসিক সুস্থতা ও পারিবারিক গ্রহণযোগ্যতা গভীরভাবে জড়িয়ে আছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো গেলে বিদেশফেরত কর্মীরা তাদের প্রয়োজন অনুযায়ী দ্রুত সেবা নিতে পারবেন।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার মোহাম্মদ হোসেন খান কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বিদেশফেরত কর্মীদের অর্জিত দক্ষতাকে দেশের অর্থনীতিতে কাজে লাগানোর পথনির্দেশনা তুলে ধরেন।
পড়ুন>>বিএনপি কর্মীকে যুবলীগের সদস্য দেখিয়ে সন্ত্রাসবিরোধী মামলায় অভিযোগে জড়িত ব্যক্তি
যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এস কে এম জিয়াউল বারী বিদেশফেরত কর্মীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের কার্যক্রমের প্রশংসা করেন এবং যেকোনো প্রয়োজনে তার দপ্তরের সহযোগিতার আশ্বাস দেন। বিদেশ থেকে ফিরে আসা একজন কর্মীকে তার অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে নতুনভাবে জীবন গড়ার সুযোগ করে দিতে হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজ জানান, এমন কর্মশালা বৃহত্তর পরিসরে আয়োজন করা প্রয়োজন। এছাড়া গণমাধ্যমে প্রকাশিত বিদেশফেরত কর্মীকে পরিবারে ফিরিয়ে দেওয়ার ব্র্যাকের মানবিক উদ্যোগটিকে তিনি আরও ব্যাপকভাবে প্রচারের আহ্বান জানান। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মো. রাশেদুল ইসলাম বিদেশে গমনেচ্ছুদের পাশাপাশি বিদেশফেরত কর্মীদের জন্যও প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করার প্রস্তাব দেন। সম্প্রতি গণমাধ্যমে একজন বিদেশফেরত কর্মীকে শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ব্র্যাকের উদ্যোগের কথা জেনেছেন উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের মানবিক ও প্রশংসনীয় কার্যক্রম আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। যারা বিদেশে যাচ্ছেন, তাদের যেমন সহায়তার প্রয়োজন, তেমনি যারা ফিরে আসছেন, তাদেরও সহায়তা দরকার।
আরও পড়ুন>>জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা, দাবি বিরোধীদলীয় নেতার
জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, বিদেশগামী ও বিদেশফেরত কর্মীদের তালিকা সংরক্ষণ করা হচ্ছে এবং তাদের সহায়তা প্রদান চলমান। সভায় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়, প্রবাসী কল্যাণ কেন্দ্র, সমাজসেবা অধিদপ্তর, বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের প্রতিনিধি এবং ব্লাস্ট ও রামরুর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্র্যাক ২০০৬ সাল থেকে বিদেশফেরত কর্মীদের দক্ষতা উন্নয়ন, মনোসামাজিক পরামর্শ, জরুরি সহায়তা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো এই কর্মীদের দীর্ঘমেয়াদী সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
























