টাঙ্গাইলের মধুপুর থানাতে পুলিশ পরিচয়ে তদবির করতে এসে শেষ পর্যন্ত পুলিশের হাতেই আটক হয়েছেন এক যুবক। বৃহস্পতিবার (২৬ মার্চ) থানায় এই ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম মো. মিজানুর রহমান (৩০)। তিনি ভুরুঙ্গামারি উপজেলা-র বাগভান্ডার গ্রামের বাসিন্দা। তার পিতার নাম গোলাম মোস্তফা।
পুলিশ সূত্রে জানা যায়, মিজানুর রহমান বৃহস্পতিবার মধুপুর থানায় এসে নিজেকে পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে পরিচয় দেন। তিনি দাবি করেন, তিনি ৩৬তম ব্যাচের একজন এসআই এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখায় কর্মরত।
এ সময় তিনি মধুপুর পৌরশহরের মাস্টারপাড়া এলাকার একটি জমি সংক্রান্ত মামলায় এক পক্ষের হয়ে তদবির করতে আসেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে থানার এসআই সেলিম তালুকদার তাৎক্ষণিকভাবে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল-কে অবহিত করেন।
পরে জিজ্ঞাসাবাদে মিজানুর রহমানের পরিচয়ে অসংগতি ধরা পড়ে। একপর্যায়ে তিনি স্বীকার করেন, তিনি পুলিশের কেউ নন এবং ভুয়া পরিচয়ে তদবির করতে এসেছিলেন।
পুলিশ আরও জানায়, জমি সংক্রান্ত ওই মামলায় একটি পক্ষের হয়ে চুক্তিভিত্তিক কাজ করতে গিয়েই তিনি এই প্রতারণার চেষ্টা করেন।
এ বিষয়ে ওসি মো. জাফর ইকবাল জানান, অভিযুক্তকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply