মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন
- আপডেট সময় : ১১:১৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
সরকারি ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম ‘মাইগভ’ ব্যবহার করে বিদেশগামী কর্মীদের দেওয়া অভিবাসন ঋণের পরিমাণ ২০০ কোটি টাকা ছাড়িয়েছে। গত বছরের ৩ ডিসেম্বর সেবাটি আনুষ্ঠানিকভাবে চালুর পর থেকে এ পর্যন্ত প্রায় ১০ হাজার কর্মী অনলাইনে ঋণের আবেদন করেছেন। এটুআই কর্মসূচির পক্ষ থেকে গত শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে একটি আবেদনের বিপরীতে ঋণ অনুমোদন প্রক্রিয়ার সময় কমে মাত্র ৩ থেকে ৪ দিনে নেমে এসেছে।
এই সেবার আওতায় একজন বিদেশগামী কর্মী ৯ শতাংশ সুদে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ পাচ্ছেন। ঋণের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীর বিদেশযাত্রার প্রকৃত খরচ যাচাই-বাছাই করা হয়। পরীক্ষামূলক ধাপ পেরিয়ে বর্তমানে প্রবাসীকল্যাণ ব্যাংকের ১২২টি শাখায় এই ডিজিটাল সেবা বিস্তৃত করা হয়েছে। আগে ঋণ পাওয়ার জন্য আবেদনকারীদের বারবার ব্যাংকে ছুটতে হতো, যা সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ভোগান্তির কারণ ছিল। এখন ঘরে বসেই আবেদনের অগ্রগতি জানার সুবিধায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও ব্যাংকে যাতায়াতের প্রয়োজন অনেকাংশে কমেছে।
প্রবাসীকল্যাণ ব্যাংকের জরিপ অনুযায়ী, ডিজিটাল প্রক্রিয়ায় সেবা চালুর ফলে আবেদনকারীদের সময়, যাতায়াত এবং আবেদনসংক্রান্ত আনুষঙ্গিক খরচ ৫০ শতাংশ হ্রাস পেয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরে কাজের চাপ ৩০ শতাংশ কমেছে এবং ঋণ আবেদনে কাগজের ব্যবহার শতভাগ বন্ধ হয়েছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের বিদেশগামী কর্মীদের জন্য এই ডিজিটাল সেবাটি অত্যন্ত সহায়ক হয়েছে। প্রবাসীকল্যাণ ব্যাংক কর্তৃপক্ষের প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ডিজিটাল পদ্ধতিতে ঋণসেবা চালুর ফলে আবেদনকারীদের সময়, যাতায়াত ও আবেদনসংক্রান্ত ব্যয় ৫০ শতাংশ করে কমেছে।
উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগ ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে এবং এটুআইয়ের কারিগরি সহায়তায় ‘মাইগভ’ প্ল্যাটফর্মটি পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে নাগরিকেরা ঘরে বসেই সরকারি সেবার আবেদন, ফি পরিশোধ, আবেদনের অগ্রগতি অনুসরণ ও ডিজিটাল সনদের মতো সুবিধা পাচ্ছেন।
সূত্র: প্রথম আলো
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























