রাজস্থানে পঞ্চায়েত ভোটে বড় ধাক্কা খেল বিজেপি, জয়জয়কার কংগ্রেসের
- আপডেট সময় : ০৮:৪৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
রাজস্থানের সাম্প্রতিক ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। নির্বাচনে বড় জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছে কংগ্রেস।
গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ—তিনটি স্তরেই বিজেপিকে টপকে বড় জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। রাজ্যের ৪১টি জেলা পরিষদের বেশিরভাগ আসনেই কংগ্রেস নিজেদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে, যদিও চারটি জেলায় ভোট গণনা বর্তমানে স্থগিত রয়েছে। জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির আসন সংখ্যায় বিজেপি কার্যত কংগ্রেসের তুলনায় দ্বিগুণেরও বেশি ব্যবধানে পিছিয়ে পড়েছে।
নির্বাচনী ফলাফলে সবচেয়ে বেশি চাপে পড়েছেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। তার নিজ নির্বাচনী এলাকা সাঙ্গানের পঞ্চায়েত সমিতিতে বিজেপি তৃতীয় স্থানে নেমে গেছে, যেখানে জয় পেয়েছে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি। এছাড়া মুখ্যমন্ত্রীর নিজ জেলা ভরতপুরের ৩১টি জেলা পরিষদ আসনের মধ্যে ২১ থেকে ২২টি আসনেই জয়লাভ করেছে কংগ্রেস।
অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও বিজেপির ভরাডুবি স্পষ্ট হয়েছে। জয়পুর জেলার ফাগি পঞ্চায়েত সমিতির ১৫টি আসনের একটিতেও বিজেপি জয়ী হতে পারেনি। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক ক্রীড়াবিদ রাজ্যবর্ধন সিং রাঠোরের নির্বাচনী এলাকার পঞ্চায়েত সমিতিতেও বিজেপি একটি মাত্র আসন পেয়েছে, বাকি সব আসনে জয়ী হয়ে কংগ্রেস বোর্ড গঠন করেছে। এছাড়াও রাজ্যের নগরোন্নয়নমন্ত্রী ঝাবর সিং খররার পরিবারের চার সদস্য প্রার্থী হলেও কেউ জয়লাভ করতে পারেননি। তাঁর স্ত্রী ও ছেলেসহ পরিবারের চার সদস্য প্রার্থী হয়েও পরাজিত হয়েছেন। সে সময় উত্তরপ্রদেশে এনডিএর শরিক দল ও মন্ত্রী ওমপ্রকাশ রাজভড় মন্তব্য করেছিলেন, শিক্ষিত ভোটাররা ভোট দেওয়ায় এনডিএ প্রার্থীরা পরাজিত হয়েছেন।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল রাজস্থানের এই ফলাফলকে বিজেপির প্রতি গ্রামীণ ভারতের মানুষের তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, কর্মসংস্থানের অভাব, আয় কমে যাওয়া, কৃষকদের বঞ্চনা ও লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ বিপর্যস্ত। কংগ্রেসের প্রতি মানুষের আস্থা ফিরে আসার ইঙ্গিত হিসেবেই তারা একে দেখছেন। ব্যালটের মাধ্যমে তারা সেই ক্ষোভের প্রকাশ ঘটিয়েছেন।
নির্বাচনী ফলাফলকে জনরায় হিসেবে স্বীকার করে নিয়েছেন রাজস্থান বিজেপির সভাপতি মদন রাঠোর। তিনি জানিয়েছেন, দলের কোথায় ঘাটতি রয়েছে তা নিয়ে তারা অভ্যন্তরীণভাবে পর্যালোচনা করবেন।
২০২৮ সালের বিধানসভা নির্বাচনের আগে এই পঞ্চায়েত নির্বাচনের ফলাফলকে বিজেপির জন্য বড় সতর্কবার্তা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপির জন্য গ্রামীণ ভোটারদের এই অনাস্থা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর আগে নাগপুর, পাটনা, দ্বারভাঙা ও লখনউয়ের বিধান পরিষদ নির্বাচনেও শিক্ষিত ও স্নাতক ভোটারদের বড় অংশের সমর্থন হারিয়েছিল বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৮ সালে রাজস্থানে পরবর্তী বিধানসভা নির্বাচন হওয়ার কথা।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের পর বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে কোণঠাসা করে ভজনলাল শর্মাকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্তটি বিজেপির অভ্যন্তরে আলোচনার জন্ম দিয়েছিল। বর্তমান সরকারের প্রথম বড় এই নির্বাচনী পরীক্ষায় দলের বিপর্যয় নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। আগামী বিধানসভা ভোটের আগে বিজেপি এই ধাক্কা সামলে কীভাবে ঘুরে দাঁড়ায়, এখন তা দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল।
সূত্র: দৈনিক এইদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























