কুড়িগ্রামে ৭৪টি ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, পদ থেকে অব্যাহতি
- আপডেট সময় : ১০:৪৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের উলিপুরে ৭৪টি ইয়াবা বড়িসহ আফজাল হোসেন (৪২) নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার দুপুরে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের পুরোনো অনন্তপুর বাজার এলাকায় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আফজাল হোসেন হাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কুড়িগ্রাম জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আফজাল হোসেনকে ৭৪টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়েছে। এই মাদক উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে গতকাল রোববার রাতেই আফজাল হোসেনকে দলীয় পদসহ সব সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে উলিপুর উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী ও সদস্যসচিব হায়দার আলী মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, মাদকসংক্রান্ত অভিযোগে গ্রেপ্তারের বিষয়টি দলের নীতি, আদর্শ, শৃঙ্খলা ও ভাবমূর্তির সঙ্গে পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ।
এই ঘটনাকে দলের জন্য ক্ষতিকর হিসেবে উল্লেখ করেছেন হাতিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ। উলিপুর উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে জড়িত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। এই ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা থাকলে তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: প্রথম আলো
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























