ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে আলোচনা এগিয়ে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুজন শীর্ষ প্রতিনিধি মস্কোতে পৌঁছেছেন। স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার শনিবার রাশিয়ার রাজধানীতে পৌঁছে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছেন।
ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের জানিয়েছিলেন, তারা মূলত যুদ্ধ শেষ করার একটি সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে সেখানে গেছেন। যদিও এখন পর্যন্ত শান্তি চুক্তি সম্পাদনের জন্য যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সব প্রচেষ্টা তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি আনতে ব্যর্থ হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, এই প্রতিনিধিদলটি আলাদাভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন। এর আগে কুশনার ও উইটকফ বেশ কয়েকবার রাশিয়া সফর করলেও ইউক্রেনে এটিই তাদের প্রথম বৈঠক হতে যাচ্ছে। এই সফরকে কেন্দ্র করে উভয় দেশই তিন দিনের জন্য একে অপরের রাজধানীতে হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার জানিয়েছেন, তিনি মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন যারা এরই মধ্যে রাশিয়ার পক্ষের সঙ্গে কাজ শুরু করেছেন। জেলেনস্কি বলেন, “মার্কিন দলকে নিয়ে কিয়েভে আগামীকালের কূটনৈতিক কর্মসূচির পরিকল্পনা অনুমোদন পেয়েছে। আমরা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের জন্য অপেক্ষা করছি এবং একটি সারগর্ভ আলোচনার জন্য প্রস্তুত আছি।”
জেলেনস্কি আরও জানান, শনিবারের শেষ থেকে রবি ও সোমবার পর্যন্ত ইউক্রেন মস্কোর ওপর হামলা থেকে বিরত থাকবে এবং তারা আশা করছে রুশ বাহিনীও কিয়েভের ব্যাপারে একই নীতি অনুসরণ করবে। এদিকে রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই মার্কিন সফরের প্রেক্ষিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভের ওপর তিন দিন হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
Leave a Reply