ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলায় বেশ কয়েকজন নিহত ও ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। হামলার ফলে আক্রান্ত এলাকাগুলোতে বিদ্যুৎ ও টেলিফোন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্যকেন্দ্রের প্রধান হোসেইন কারমানপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, হরমোজগান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেসের সহকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্যমতে, কুহেস্তাক গ্রামের বাসিন্দারা এই হামলার শিকার হয়েছেন। এছাড়া আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর সিরিকে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় অন্তত দুজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
দেশটির কোনারাক কাউন্টি, জাস্ক এবং বান্দার লেঙ্গেহ শহরেও হামলার খবর পাওয়া গেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিরোফত শহরের একটি বেসামরিক বিমানবন্দরেও মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। মঙ্গলবার বান্দার আব্বাসের পূর্বদিকে হরমোজগান প্রদেশে এবং কেশম দ্বীপের মাসান গ্রামের আশপাশে কয়েক দফা শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এই সংঘাতের ধারাবাহিকতায় জুলাই মাসে যুক্তরাষ্ট্র ইরানে দুই সপ্তাহব্যাপী বোমা হামলা চালায় এবং নৌ অবরোধ আরোপ করে। এর আগে জুন মাসে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি চুক্তির চেষ্টা করা হয়েছিল, যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
এই হামলার প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে। ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, মঙ্গলবার রাতে উপসাগরীয় অঞ্চলের জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
আইআরজিসি দাবি করেছে, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে থাকা আরকিউ-৪ এবং এমকিউ-৯ ড্রোনের হ্যাঙ্গার লক্ষ্য করে ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকটি ড্রোন ধ্বংস হওয়ার পাশাপাশি মার্কিন ফ্লাইট ও কারিগরি কর্মীরা নিহত হয়েছেন এবং অবকাঠামোর একাংশে আগুন ধরে গেছে।
তবে মার্কিন কর্তৃপক্ষ এই হামলায় কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির দাবি নাকচ করে দিয়েছে। দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে।
সূত্র: দৈনিক আমার দেশ
Leave a Reply