ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মেজর জেনারেল মহসেন রেজাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি ‘নরকে পাঠানোর’ হুমকি দিয়েছেন। আইআরআইবি এবং আল-মানারকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, নেতানিয়াহুর যুদ্ধবাজ নীতিই ইসরায়েলি শাসনের পতনকে দ্রুততর করছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সংঘাতের মাত্রা বৃদ্ধি পেলে নেতানিয়াহুকে চূড়ান্ত পরিণতির মুখোমুখি হতে হবে।
ইসরায়েলি নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে রেজাই বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সন্তানকে হত্যার কথিত ইরানি পরিকল্পনার যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া। তার মতে, ওয়াশিংটনকে আতঙ্কিত ও বিভ্রান্ত করার উদ্দেশ্যেই নেতানিয়াহু এই অপপ্রচার চালাচ্ছেন, যাতে মার্কিন প্রেসিডেন্টের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাধাগ্রস্ত হয়।
লেবানন সীমান্ত ও আঞ্চলিক অস্থিতিশীলতা প্রসঙ্গে ইরানের এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জানান, লেবাননের দখলকৃত ভূখণ্ড থেকে ইসরায়েলকে বিতাড়িত করা হবে। নতুন কোনো সংঘাত শুরু হলে তা অতীতের সব যুদ্ধকে ছাড়িয়ে যাবে এবং ইরান যেকোনো পরিস্থিতির জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে।
এদিকে ইরানের ওপর আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপের কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রেজাই। তিনি বলেন, সামরিক ক্ষেত্রে ব্যর্থ হওয়ার পর ওয়াশিংটন এখন অর্থনৈতিক কৌশলের আশ্রয় নিয়েছে। যদি এই অবরোধ প্রত্যাহার করা না হয়, তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ ও অর্থনৈতিক সম্পদের ওপর সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত করা হবে।
রেজাই আরও দাবি করেন, চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইরান বিপুল পরিমাণ তেল রপ্তানি অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। তাই যুক্তরাষ্ট্র যদি অর্থনৈতিক আক্রমণ চালিয়ে যায়, তবে মধ্যপ্রাচ্যে তাদেরও বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হবে বলে তিনি সতর্কবার্তা দিয়েছেন।
সূত্র: দৈনিক এইদিন
Leave a Reply