নাটোরে ভ্যানচালক হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন
- আপডেট সময় : ০৮:৫৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে
নাটোরের বাগাতিপাড়ায় সংঘটিত চাঞ্চল্যকর হত্যা ও ডাকাতির মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২২ জুলাই) জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত চার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া একই মামলায় অন্য আরেক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে, আদায়কৃত জরিমানার তিন লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। অবশিষ্ট অর্থ মামলার বাদী ও ভুক্তভোগী পরিবারকে দেওয়ানি ক্ষতিপূরণ হিসেবে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার এজহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রান্ত নামের এক ভ্যানচালক আড়ানী থেকে পাকাহিয়নে যাচ্ছিলেন। পথিমধ্যে আসামিরা তাকে গতিরোধ করে ভ্যানসহ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এক পর্যায়ে প্রান্ত চিৎকার করলে আসামিরা তাকে হত্যা করে পাশের একটি জমিতে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার পরদিন ৩০ সেপ্টেম্বর সকালে নিহতের বাবা জিয়া সরদার বাঘা মডেল থানায় মামলাটি দায়ের করেন।
তদন্ত চলাকালে পুলিশ শরিফুল ইসলাম, লিটন মণ্ডল ও মাজেদুলকে গ্রেপ্তার করে। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন রানা ও শওকত আলী মণ্ডল। বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. রুহুল আমিন হাওলাদার টগর জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিরা আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।

























