ইরানে টানা ১১তম রাতের মতো মার্কিন সামরিক হামলা অব্যাহত
- আপডেট সময় : ০৭:১১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে
ইরানে টানা ১১তম রাতের মতো সামরিক হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ এই অভিযানের অংশ হিসেবে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ অঞ্চলে মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়েছে, যেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
যুক্তরাষ্ট্রের সেন্টকম (সেন্ট্রাল কমান্ড) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৭টা থেকে এই হামলা শুরু হয়। অভিযানের মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথে ইরানের হুমকি সৃষ্টির সক্ষমতাকে আরও দুর্বল করে দেওয়া। সাম্প্রতিক হামলাগুলোর বেশিরভাগই দক্ষিণ ইরান ও হরমুজ প্রণালিসংলগ্ন এলাকায় সীমাবদ্ধ থাকলেও, তাবরিজে হামলার ঘটনাটি এই ধারার চেয়ে কিছুটা ভিন্ন বলে মনে করা হচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের উত্তর-পূর্বাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তার শব্দ পাওয়া গেছে। এছাড়া দক্ষিণ ইরানের সিরিক শহর এবং বুশেহর প্রদেশের বিভিন্ন স্থানেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বার্তা সংস্থা তাসনিম উল্লেখ করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ইরান পাল্টা জবাব হিসেবে যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ও সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় কুয়েত, বাহরাইন ও কাতারসহ উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশে হামলার খবর পাওয়া গেছে। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের ছোড়া ড্রোন প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে।

















