ঢাকাসহ ৬ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু: নিহতদের মধ্যে ৬ কৃষক ও ৩ মাদ্রাসাছাত্র।
এক দিনে ঢাকা, নরসিংদী, মানিকগঞ্জ, জামালপুর, নেত্রকোণা ও কিশোরগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিন মাদ্রাসাছাত্র, ছয় কৃষক, এক যুবক ও এক নৌকার মাঝি রয়েছেন। রোববার (২১ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝড়-বৃষ্টির সময় এসব মর্মান্তিক ঘটনা ঘটে।
নরসিংদীর মনোহরদী উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় মাগরিবের নামাজের আগে অজু করার সময় বজ্রপাতে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে। নিহতরা হলেন— জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তারা কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাসিন্দা এবং মাদ্রাসার আবাসিক ছাত্র ছিলেন।
শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ জানান, আহত চারজনকে হাসপাতালে আনা হলে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং অপর একজন চিকিৎসাধীন রয়েছে।
ঢাকার সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা এলাকায় ফসলি জমিতে কাজ করার সময় বজ্রপাতে তিন শ্রমজীবী মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দ্বীন ইসলাম (৪৫) ও দুলাল (৬০)-এর পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অপর একজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের ভাষ্য, বিকেল ৫টার দিকে মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত দ্বীন ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. ইমরান হোসেন।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামিত্তা ইউনিয়নের কাঞ্চননগর গ্রামে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন— কবির হোসেন (৩০) ও শহিদুল ইসলাম (২৫)। তারা দুজনই কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার আগে মাঠে কাজ করার সময় বজ্রসহ বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার উত্তর চরবওলা এলাকায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন মুসা ফকির (৬০)।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেত্রকোণায় গরু আনতে গিয়ে প্রাণ হারালেন যুবক
নেত্রকোণার বারহাট্টা উপজেলার বড়গাও গ্রামে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যান জাহাঙ্গীর আলম (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে মাঠে থাকা অবস্থায় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার জানিয়েছেন, নিহতের পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে।
কিশোরগঞ্জের নিকলী উপজেলার উলাবাইরা চর হাওর এলাকায় বজ্রপাতে বাবুল সরকার (৪৫) নামে এক নৌকার মাঝির মৃত্যু হয়েছে।
জানা গেছে, আশুগঞ্জ থেকে ধান বিক্রি করে ফেরার পথে নৌকায় থাকা যাত্রীরা বৃষ্টি শুরু হলে আশ্রয় নিলেও নৌকা চালানোর দায়িত্বে থাকায় বাবুল সরকার উপরে অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একদিনে দেশের ছয় জেলায় ১১ জনের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। দুর্যোগ বিশেষজ্ঞরা বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় ও উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন। কৃষক ও শ্রমজীবী মানুষদের বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Leave a Reply