ভূরুঙ্গামারী থেকে রংপুর মেইল সার্ভিস চালু রাখতে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক অন্ন পূর্ণা দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ, ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন, বাস সার্ভিস চালুর দাবীতে আন্দোলনকারীদের পক্ষে ডাকসুর পরিবহন বিষয়ক সম্পাদক আসিফ আবদুল্লাহ, ছাত্র নেতা রোকনুজ্জান, কুড়িগ্রাম জেলা মটর মালিক সমিতির সম্পাদক কফিল উদ্দিন, উত্তর ধরলা মটর মালিক সমিতির সম্পাদক স্বপন কুমার সাহা, সড়ক সম্পাদক আলম হোসেন, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হকসহ বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আন্দোলনকারীদের পক্ষে আসিফ আবদুল্লাহ বলেন, ১ ফেব্রুয়ারী থেকে ভূরুঙ্গামারী থেকে রংপুর বিরতিহীন বাস সার্ভিস চালু ছিলো কিন্তু বিভিন্ন অজুহাতে পহেলা জুন থেকে তা বন্ধ করার ষড়যন্ত্র চলছে। এতে করে এলাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে এবং রংপুরে পড়ুয়া শিক্ষার্থী ও রোগীদের ভোগান্তি বেড়ে যাবে। তিনি যতদ্রুত সম্ভব জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে বাস চালুর দাবী জানান।
কুড়িগ্রাম ও উত্তর ধরলা মটর মালিক সমিতির সম্পাদক দ্বয় জানান, বাস চালু রাখার ব্যাপারে তাদের কোন আপত্তি নেই। রংপুর মালিক সমিতির লোকশানের কারণে তাদের সিন্ধান্তেই বাস বন্ধ রাখা হয়েছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে জনসেবা। কাজেই কারো আচরণে যেন জনসেবা বিঘ্নিত না হয় এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। পরে সর্বসম্মত সিদ্ধান্ত হয় আগামী শনিবারের মধ্যে রংপুর, কুড়িগ্রাম ও উত্তর ধরলা বাসমালিক সমিতি একত্রে বসে বাস চালুর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এব্যাপারে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।
উল্লেখ্য পহেলা ফেব্রুয়ারী থেকে ভূরুঙ্গামারী থেকে রংপুর মেইল সার্ভিস চালু ছিলো। গত ২ দিন থেকে হঠাৎ বাস সার্ভিস বন্ধ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে এলাবাসীর ব্যানারে লোকজন মানববন্ধনসহ সোমবার যানবাহন বন্ধ করে দেয়। এতে দূর পাল্লার যাত্রীদের গন্তব্য স্থল পৌঁছাতে অনিশ্চয়তা দেখা দেয়। জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে উপজেলা জেলা প্রশাসন এ বৈঠকের আয়োজন করে। সমঝোতা বৈঠকের পর বাস চালু হলে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
Leave a Reply