চলমান ‘সংকটকালীন’ পরিস্থিতিতে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে কুড়িগ্রামে জ্বালানি তেল কিনতে ‘ফুয়েল কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুড়িগ্রামে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ ও বিক্রি চলমান থাকলেও কিছু মোটরসাইকেল চালকের ‘কৃত্রিম চাহিদা’ পরিস্থিতিকে জটিল করে তুলছে।
অভিযোগ রয়েছে, অনেকেই মোটরসাইকেলে করে তেল সংগ্রহ করে পরে কালোবাজারে বেশি দামে বিক্রি করছেন। দলবেঁধে ফিলিং স্টেশনগুলোতে লাইনে দাঁড়িয়ে তেল কিনে তা অতিরিক্ত দামে বিক্রির ঘটনাও ঘটছে।
এছাড়া তেল কেনার নামে ফিলিং স্টেশনগুলোতে গিয়ে ‘মব’ সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। জেলার বিভিন্ন স্থানে কালোবাজারে জ্বালানি তেল বিক্রির সত্যতাও পাওয়া গেছে।
এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ‘ফুয়েল কার্ড’ ব্যবস্থার মাধ্যমে জ্বালানি তেল বিক্রির সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, সভায় উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ফুয়েল কার্ড ইস্যু করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। গ্রাহকরা তাদের স্থায়ী ঠিকানার ভিত্তিতে সংশ্লিষ্ট উপজেলার ইউএনও কার্যালয় থেকে ফুয়েল কার্ড সংগ্রহ করতে পারবেন। এজন্য জাতীয় পরিচয়পত্র, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর এবং ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে আবেদন করতে হবে।
তিনি আরও জানান, ফুয়েল কার্ডধারীরা প্রাপ্যতা সাপেক্ষে যেকোনো ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল কিনতে পারবেন। তবে কৃষকরা আগের নিয়মেই সেচের জন্য ডিজেল নিতে পারবেন।
জেলা প্রশাসক বলেন, “সবার চাহিদা ও দাবির প্রেক্ষিতে ফুয়েল কার্ড ব্যবহার করে জ্বালানি তেল বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট উপজেলার ইউএনওরা কার্ড ইস্যু করবেন। ইতোমধ্যে ফুলবাড়ী উপজেলায় কার্ড ইস্যু শুরু হয়েছে। দুই-একদিনের মধ্যে জেলাজুড়ে এ কার্যক্রম শুরু হবে।”
সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি জেলা ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply