ভালুকায় ত্রিমুখী সংঘর্ষে নারীসহ নিহত ২
- আপডেট সময় : ০৪:৫৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ১৯০১৮ বার পড়া হয়েছে
ভালুকায় ত্রিমুখী সংঘর্ষে নারীসহ নিহত ২
ময়মনসিংহের ভালুকা উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা ও ইজিবাইক জড়িয়ে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার ক্লাবের বাজার এলাকায়, তাফরিদ কটন মিলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পড়ুন>> সৌদির সাথে মিল রেখে কুড়িগ্রামের ৭ গ্রামে আজ ঈদ উদযাপন
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনে চলা একটি অটোরিকশা ও ইজিবাইকের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক নারী নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজন পুরুষের মৃত্যু হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভালুকা ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
এদিকে ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।


























