রাউজানে তিন হিন্দু পরিবারকে পুড়িয়ে হত্যাচেষ্টা।
চট্টগ্রামের রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে অগ্নিসংযোগের মাধ্যমে আরও তিনটি হিন্দু পরিবারকে পুড়িয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার গভীর রাতে রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেউয়াপাড়া গ্রামে তেজেন্দ্র লাল শীলের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, প্রথমে বিমল তালুকদারের ঘরে আগুন দেওয়া হয়। আগুনের শিখা দেখে বের হতে গিয়ে তারা বাইরে থেকে দরজা বন্ধ দেখতে পান। পরে বাঁশের বেড়া ভেঙে পরিবারের চার সদস্য বের হয়ে আসেন।
স্থানীয়দের সহায়তায় ঘরটি আংশিক রক্ষা পায়। একইভাবে অমল তালুকদারের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে একটি প্যান্টে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। খবর পেয়ে স্থানীয়রা পরিবারের তিন সদস্যকে উদ্ধার করেন।
এর কয়েকশ ফুট দূরে রুবেল দাসের ঘরেও আগুন দেওয়া হয়। আগুন টের পেয়ে বের হওয়ার সময় পরিবারের সদস্যরা দেখেন দরজা বাইরে থেকে বন্ধ। বেড়ার টিন কেটে বের হলে এ সময় লিটন দাস আহত হন।
ঘটনার পর সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম ও উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজলের নেতৃত্বে বিএনপির দুটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তারা দাবি করেন, সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (অপরাধ) সিরাজুল ইসলাম। তিনি দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এর আগে বৃহস্পতিবার ভোরে রাউজান সদর ইউনিয়নের জয়নগর গ্রামের বড়ুয়াপাড়ায় দিনমজুর সাধন বড়ুয়ার বসতঘর ও গোয়ালঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পরিবারের সদস্যদের ঘরে আটকে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরানো হয়েছিল। তথ্য সুত্র ও ছবি
Leave a Reply