রাজধানীর মিরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয় নেতাকর্মীর ওপর হামলা ও কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুর-২ পানির ট্যাংকি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত ছয়জনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালে পাঠানো হয় বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় স্থানীয় এনসিপির কয়েকজন নেতাকর্মী পুলিশকে সঙ্গে নিয়ে আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের নেত্রী হোসনেয়ারা সাদিকের বাসায় যান। এ সময় পুলিশের উপস্থিতিতেই হঠাৎ করে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। হামলার পরপরই ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আহত নেতাকর্মীরা অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা হারুন ও কামালের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় সাবেক আওয়ামী লীগ কর্মীরাও জড়িত ছিল বলে তারা দাবি করেন।
এদিকে হামলার ঘটনার পর রাতেই আহতদের দেখতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।
তিনি বলেন, “এটি একটি পরিকল্পিত হামলা। স্থানীয় বিএনপি নেতা হারুন ও পিচ্চি কামাল এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত।” এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্তের কথা জানানো হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
Leave a Reply