ওসমান হাদি লাইফ সাপোর্টে।
রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় সশস্ত্র হামলায় গুরুতর আহত সাংবাদিক ওসমান হাদি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। হাসপাতালের পরিচালকের দপ্তর জানায়, তার অবস্থা আশঙ্কাজনক এবং গুলিটি এখনো মাথার ভেতরে অবস্থান করছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে মোটরসাইকেলযোগে আসা দুই দুর্বৃত্ত ওসমান হাদির ওপর গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপরই তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
ঘটনার সময় হাদির ঠিক পেছনের রিকশায় ছিলেন মো. রাফি। তিনি জানান, “জুমার নামাজ শেষে হাইকোর্টের দিকে যাচ্ছিলাম। বিজয়নগরে পৌঁছাতেই মোটরসাইকেলে দুজন এসে হাদি ভাইয়ের ওপর গুলি চালিয়ে দ্রুত চলে যায়।”
এদিকে, ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি দ্রুত ও গভীর তদন্তের নির্দেশ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার তাগিদ দিয়েছেন।
চলমান চিকিৎসায় চিকিৎসক দল নিবিড়ভাবে পর্যবেক্ষণ চালাচ্ছে।
Leave a Reply