নওগাঁর নতুন ডিসি মনিরা হক।
নওগাঁয় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মনিরা হক। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে উপসচিব (উন্নয়ন-৩) হিসেবে দায়িত্ব পালন করে আসা মনিরা হককে নওগাঁর ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় “জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।” এর আগে নওগাঁর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ আব্দুল আউয়ালকে বদলি করে চট্টগ্রামের জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মনিরা হক দায়িত্ব গ্রহণ করলে তিনি নওগাঁর দ্বিতীয় নারী ডিসি হিসেবে ইতিহাসে স্থান করে নেবেন। এর আগে ড. মোছাম্মৎ নাজমানারা খানুম নওগাঁ জেলার প্রথম নারী জেলা প্রশাসক ছিলেন।
তিনি পরবর্তীতে সিলেটের বিভাগীয় কমিশনার, খাদ্য মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্যসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি অবসর জীবনে রয়েছেন।
প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ মনিরা হকের নিয়োগকে নওগাঁবাসী ও প্রশাসন সংশ্লিষ্টরা একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।
তাদের মতে, এ নিয়োগ জেলার উন্নয়ন কার্যক্রমে নতুন দিক নির্দেশনা ও গতিশীলতা আনবে। নওগাঁর সাধারণ মানুষও আশাবাদী, নতুন জেলা প্রশাসকের নেতৃত্বে প্রশাসনের সেবামূলক কার্যক্রম আরও স্বচ্ছ, জনবান্ধব ও গতিশীল হয়ে উঠবে।
Leave a Reply