কাউনিয়ায় তিস্তার পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত
- আপডেট সময় : ১১:২৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ১৫৮ বার পড়া হয়েছে
কাউনিয়ায় তিস্তার পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত
বৃষ্টিপাত আর উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে কাউনিয়ার নিন্ম অঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। বর্তমানে তিস্তা রেল সেতু পয়েন্টে বিপদ সীমার ২৯.১৭ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে চারশো পরিবার। পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তার নদীর ভাঙন বৃদ্ধি পেয়েছে। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে নদী পাড়ের মানুষ।
সরেজমিনে বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে পানি বৃদ্ধি পেয়ে ঢুষমারা, তালুক শাহবাজ, পূর্ব নিজপাড়ার অংশ, গোপীডাঙ্গা, আরাজি হরিশ্বর, চর প্রাননাথ, শনশনিয়া, চর হয়বতখাঁ, চর গনাই, আজমখাঁর চর ও নতুন করে চর নাজিরদহ ও নাজিরদহ গ্রামের নিম্ন এলাকায় পানি উঠতে শুরু করেছে।
পানি বন্দী হয়েছে পড়েছে প্রায় চারশো পরিবার। এছাড়াও আমন ধানের বীজ তলা, উঠতি বাদাম খেত, পাট খেত পানিতে তলিয়ে গেছে।
প্রায় শতাধিক পুকুর ও মৎস্য খামারের মাছ ভেসে গেছে। পানি বৃদ্ধি পেলে আরো নতুন নতুন এলাকায় বন্যা দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে করে তিস্তা ব্যারেজের ভাটিতে অবস্থিত কাউনিয়ার তিস্তা তীরবর্তী চরাঞ্চল এলাকার বাসিন্দারা দুশ্চিন্তায় পড়েছেন।
পড়ুন>>নীলফামারীতে ৩দিন ধরে নিখোঁজ ২শিশু
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাগেছে, ভারী বৃষ্টি ও উজান থেকে পাহাড়ী ঢলের পানি আসায় ডালিয়া ব্যারেজের সবকটি জলকপাট খুলে দেয়া হয়েছে। একারণে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে।
বালাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আনছার আলী বলেন তার এলাকায় কয়েকটি গ্রামের নিস্ন অঞ্চলে পানি উঠতে শুরু করেছে এবং নদী ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব বলেন তিস্তার পানি বৃদ্ধি পেয়ে চরাঞ্চলের গ্রাম গুলোতে পানি প্রবেশ করে চারশো পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। উপজেলা প্রশাসন ও ত্রাণ বিভাগ বন্যা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক রবিবার বিকালে পানিবন্দী ঢুষমারার চর পরিদর্শন করেছেন। তিনি বলেন ত্রাণের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আমরা বন্যাদূর্গত এলাকার বাসিন্দাদের খোঁজ খবর নিচ্ছি।
আজকে হারাগাছ নাজিরদহ চরে তিনশো পানি বন্দী পরিবারের মধ্যে ১৫ কেজির শুকনো খাবারের প্যাকেট দেয়া হবে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম বলেন কাউনিয়ার তিস্তা রেল সেতু পয়েন্টে রবিবার দুপুরে তিস্তার পানি বিপদ সীমার ২৯.১৭সেন্টিমিটার নীচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

























