ভুয়া নিউরো চিকিৎসক নুরুল ইসলাম। কিন্তু নিজেকে পরিচয় দিতেন ডা. মো. রফিকুল হাসান নামে। এইচএসসি পাস নুরুল নামের পাশে ব্যবহার করতেন এমবিবিএস, এমসিপিএস (মেডিসিন) ও এফসিপিএস (নিউরো মেডিসিন) ডিগ্রি। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ দাবি করে ব্রেইন, নার্ভ, স্ট্রোক, প্যারালাইসিস, স্পাইন ও মৃগী রোগের চিকিৎসা দিয়ে আসছিলেন।
রোববার (১১ জানুয়ারি) সকালে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার গোডাউন মোড়ে অবস্থিত আত-তাবারা মডেল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তার প্রতারণার বিষয়টি ধরা পড়ে। তদন্তে দেখা যায়, তিনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন নম্বর অ-৩৪৭৯৭ ব্যবহার করে নিজেকে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিতেন, যা সম্পূর্ণ ভুয়া।
অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাফিউল্লাহ নেওয়াজ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞার কাছে প্রসিকিউশন দাখিল করেন। পরে ভ্রাম্যমাণ আদালত নুরুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। দণ্ড ঘোষণার পর পুলিশ তাকে কারাগারে পাঠায়।
এছাড়া জেনে-শুনে ভুয়া চিকিৎসক নিয়োগ এবং রোগীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলার দায়ে আত-তাবারা মডেল হাসপাতালের মালিক মশিউর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ভবানীগঞ্জের পাশাপাশি নওগাঁর আত্রাই উপজেলার সেভেন স্টার ক্লিনিকসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে নিয়মিত চিকিৎসা দিতেন নুরুল ইসলাম। তার চিকিৎসা নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরেই সন্দেহ ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা বলেন, ‘জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই বরদাশত করা হবে না। ভুয়া ডাক্তার ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সব কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।’
Leave a Reply