সংসদীয় গণতন্ত্রের চর্চা এড়িয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে লংমার্চের নামে বিরোধীদল গণতন্ত্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, রাজপথে লংমার্চের কর্মসূচিকে কেন্দ্র করে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ব্যক্তিগত পর্যায়ে অশ্রাব্য ও আপত্তিকর ভাষা ব্যবহার করা হচ্ছে। দল হিসেবে বিরোধীদল এই অপরাধমূলক কর্মকাণ্ডকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। তিনি আরও বলেন, এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলে তারা একে দমন-পীড়ন হিসেবে আখ্যায়িত করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা চালাচ্ছে।
জ্বালানি ও অর্থনৈতিক সংকট নিয়ে বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, তারা কেবল সমালোচনাই করে যাচ্ছে, অথচ সংকট নিরসনে কোনো গঠনমূলক প্রস্তাবনা তাদের নেই। সংসদে পরামর্শ না দিয়ে রাজপথ বেছে নেওয়া মূলত সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে আড়াল করার একটি অপচেষ্টা। তিনি দাবি করেন, সরকার ব্যর্থ—এমন প্রচার চালালেও সাধারণ মানুষ বিরোধী দলের এই নেতিবাচক ভূমিকাকে ভালোভাবে দেখছে না। দেশের রিজার্ভ বৃদ্ধি পাওয়ার মতো ইতিবাচক অর্জনগুলোকেও তারা ধামাচাপা দেওয়ার চক্রান্ত করছে।
সংবাদ সম্মেলনে বিএনপির পাঁচ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান রিজভী। তিনি বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাগানো সব ব্যানার ও বিলবোর্ড দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply