মইজ্যারটেক চেকপোস্টে বিশাল ইয়াবা চালানসহ একই পরিবারের তিনজন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে
মইজ্যারটেক চেকপোস্টে বিশাল ইয়াবা চালানসহ একই পরিবারের তিনজন গ্রেপ্তার
চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্যারটেক চেকপোস্টে অভিযান চালিয়ে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবাসহ একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) মধ্যরাতে মইজ্যারটেক মোড়ে পুলিশ চেকপোস্টে রয়েল কক্স সার্ভিসের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তিনটি কাপড়ের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা তিন প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. ফারুক (৩২), ছকিনা আক্তার সুমি (৩৯) ও রিনা আক্তার (৩০)। তারা কক্সবাজারের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পড়ুন>>তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক ছিনিয়ে নেয়ার অভিযোগ
কর্ণফুলী থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে কর্ণফুলী থানা পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। আটক তিনজনের কাছ থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।”
পড়ুন>> শ্যামনগরে নারীর ঘর থেকে যুবদল নেতাকে আটক ভিডিও ভাইরাল
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ইয়াবার উৎস, অর্থদাতা ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।
সিএমপি বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলাম জানান, নগরীতে মাদক পাচার ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান চলছে। সীমান্তবর্তী এলাকা থেকে চট্টগ্রামে মাদক সরবরাহকারী চক্র শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
এ ঘটনায় কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় মামলা হয়েছে। মামলা নম্বর ০৭।




















