কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ গুরুতর আহত হওয়ার পর বিক্ষুব্ধ জনতা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আন্ধারীঝাড় এলাকার বাসিন্দা আব্দুল হামিদ চৌধুরী (৭৫) মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী একটি সড়ক থেকে মূল সড়কে ওঠার সময় ঢাকাগামী স্বাধীন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মাথায়ও আঘাত লাগে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত বাসের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসটির বেশিরভাগ অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
স্বাধীন পরিবহনের কাউন্টার ম্যানেজার সফি জানান, দুর্ঘটনার পর উত্তেজিত লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, গুরুতর আহত অবস্থায় আব্দুল হামিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তার একটি পা থেঁতলে গেছে এবং মাথায় আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, দুর্ঘটনার পর বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply