নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভাড়ায় আনা একটি মালবাহী জাহাজ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেন ও তাঁর নেতৃত্বাধীন একটি সিন্ডিকেটের বিরুদ্ধে। চট্টগ্রামের ব্যবসায়ী রাকেশ শর্মা ঘটনার পর থানায় মামলা করলে পুলিশ এক বিএনপি কর্মী নজরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় মেঘনা নদীর তীরে এইচবি হারুন অ্যান্ড ব্রাদার্স মেঘনা শিপইয়ার্ডে ১৫ দিন ধরে জাহাজটি কেটে ফেলা হয়। শিপইয়ার্ডটির মালিক শাহাদাতের বাবা, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম।
তথ্য অনুযায়ী, শাহাদাতের নেতৃত্বে চট্টগ্রাম থেকে ডাম্ব বার্জ (ডিবি) ধরনের জাহাজটি গত ১ নভেম্বর ভাড়া করে আনা হয়। এক মাসের জন্য ভাড়া নির্ধারণ করা হয় ৭ লাখ ২০ হাজার টাকা।
এরপর শাহাদাতকে কেন্দ্র করে ১০–১৫ জনের একটি সিন্ডিকেট। যাদের মধ্যে জাফর, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, এমদাদুল হক, জাফর মিয়া, হোসেনসহ কয়েকজন ছিলেন, শিপইয়ার্ডে জাহাজটি কেটে স্টিলের প্লেট বিক্রি করে দেয়।
গত রোববার সকালে পরিচিত এক ব্যক্তির মাধ্যমে জাহাজ কাটার খবর পান জাহাজটির মালিক রাকেশ শর্মা। রাতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে তিনি সোনারগাঁ থানায় মামলা করেন। মামলায় তিনি ১ কোটি ৬০ লাখ টাকার ক্ষতির কথা উল্লেখ করেন।
মালিক রাকেশ শর্মা জানান, পরিবহনের উদ্দেশ্যে জাফর নামে একজনের মাধ্যমে জাহাজটি ভাড়া দেন। কিন্তু জাফর ও শাহাদাতের নেতৃত্বে সিন্ডিকেট জাহাজটি নিজেদের শিপইয়ার্ডে এনে কেটে বিক্রি করে দেয়। শাহাদাতের বাবা প্রথমে ক্ষতিপূরণের আশ্বাস দিলেও পরে টালবাহানা শুরু করেন বলে অভিযোগ।
রফিকুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর জাহাজ কাটা বন্ধ করা হয়েছে এবং মালিকপক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। অন্যদিকে শাহাদাতের মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়।
স্থানীয়দের ভাষ্যমতে, রফিকুল ইসলাম পূর্বে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই সময়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার ঘনিষ্ঠ হওয়ায় শাহাদাত এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত হন। মামুনুল হক রিসোর্টকাণ্ডে আসামি হওয়ার পর রফিকুল ইসলাম পুনরায় বিএনপিতে যোগ দেন।
Leave a Reply