মেয়র আইভীর আইনজীবীসহ তিনজনকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী জিয়াউল ইসলামসহ তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ফতুল্লা মডেল থানা-পুলিশের একটি দল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাসভবন থেকে আটক করে। গ্রেপ্তার অন্য দুজন হলেন জিয়াউল ইসলামের ছোট ভাই আতিকুল ইসলাম ও আইনজীবী মাহবুবুর রহমান। পরবর্তীতে আজ বুধবার সকালে তাঁদের পুরোনো একটি মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের আল্লামা ইকবাল রোডের বাসা থেকে জিয়াউল ও তাঁর ভাই আতিকুলকে এবং দেওভোগ পাক্কা রোড এলাকার বাসা থেকে মাহবুবুর রহমানকে আটক করা হয়। জেলা পুলিশের অতিরিক্ত সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মী হিসেবে ওই তিনজন আদালত প্রাঙ্গণে সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে উপস্থিত ছিলেন এবং সেখানে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে চলমান নিয়মিত অভিযানের অংশ হিসেবেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত জিয়াউল ইসলাম জেলা সাংস্কৃতিক জোট ও উদীচী শিল্পী গোষ্ঠীর নারায়ণগঞ্জের সাবেক সভাপতি। অন্যদিকে সাবেক মেয়র আইভী জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আবদুস সামাদ জানান, এজাহারভুক্ত আসামি না হলেও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে এবং পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।
এর আগে মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বিস্ফোরক আইনের একটি মামলায় হাজির হয়ে জামিন পান সেলিনা হায়াৎ আইভী। আদালত মামলাটিতে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের শুনানির জন্য আগামী ১২ ডিসেম্বর দিন ধার্য করেন। সেখান থেকে বের হয়ে আইভী গণমাধ্যমের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় আইনজীবী জিয়াউল ইসলামকে ফাইল হাতে তাঁর পাশে হাঁটতে দেখা গেলেও তিনি কোনো স্লোগান দেননি। পরে আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে আইভী বলেন, ‘জয় বাংলাকে দাবাইয়া রাখা যাবে না।
এদিকে আইনজীবী ও সাংস্কৃতিক কর্মী জিয়াউল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয় সাংস্কৃতিক জোট। সংগঠনটির উপদেষ্টা রফিউর রাব্বি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জিয়াউল ও তাঁর ভাই আতিকুল রাজপথে তাদের সাথে সক্রিয় ছিলেন। কোনো আইনজীবী আদালতে পেশাগত দায়িত্ব পালন করলেই তাঁকে অপরাধী গণ্য করা যায় না। নতুন করে এভাবে মামলায় জড়ানোর পদক্ষেপে বিচারব্যবস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে উল্লেখ করে তিনি অবিলম্বে গ্রেপ্তারদের মুক্তির দাবি জানান।
সূত্র: প্রথম আলো
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























