তিন অভিযোগে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করেছে ছাত্রদল।
নির্বাচন কমিশনের (ইসি) পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের অভিযোগসহ তিন দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বাইরে ঘেরাও কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (১৮ জানুয়ারি) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। ঘেরাও কর্মসূচিতে অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং বিভিন্ন থানার নেতাকর্মীরা।
বেলা ১১টার আগেই নির্বাচন ভবনের সামনে উপস্থিত হন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
এ সময় রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আমরা অনানুষ্ঠানিকভাবে গতকাল সিদ্ধান্ত নিয়েছি—নির্বাচন কমিশন ঘেরাও করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এখানে একাধিক গুরুতর ইস্যু রয়েছে। পোস্টাল ব্যালট নিয়ে প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত এবং একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান।”
তিনি আরও বলেন, “আজ আমরা নির্বাচন কমিশনের জবাবদিহিতা নিশ্চিত করতে এসেছি। যদি জবরদস্তিমূলক সিদ্ধান্ত ও বিশেষ গোষ্ঠীর প্রভাব বন্ধ না হয়, তাহলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
১. পোস্টাল ব্যালটসংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সন্দেহ তৈরি করেছে।
২. একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে।
৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।
ঘেরাও কর্মসূচি চলাকালে নির্বাচন ভবনের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
Leave a Reply