বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা ও ফেসলক প্রযুক্তির ব্যবহার
- আপডেট সময় : ০৭:০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বিসিএসসহ সরকারি চাকরির নিয়োগ পরীক্ষাগুলোকে প্রশ্নফাঁস, আর্থিক অনিয়ম ও ডিজিটাল জালিয়াতির কবল থেকে মুক্ত রাখতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) আমূল পরিবর্তন এনেছে। লাখ লাখ চাকরিপ্রার্থী তরুণের স্বপ্নের সুরক্ষা নিশ্চিত করতে প্রশ্ন প্রণয়ন, মুদ্রণ ও সংরক্ষণের প্রতিটি ধাপে কঠোর গোপনীয়তা ও ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি পিএসসির গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
প্রতিমন্ত্রী জানান, আগে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র সরকারি বিজি প্রেস অথবা আর্মি প্রিন্টিং প্রেসে মুদ্রিত হলেও বর্তমানে পিএসসির নিজস্ব ডিজিটাল প্রিন্টিং প্রেসে তা ছাপানো হচ্ছে। মুদ্রণ শুরুর সময় থেকে পরীক্ষা সমাপ্তি পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা প্রেসের ভেতরেই অবস্থান করেন। এ সময় তাদের কাছে মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস রাখার অনুমতি নেই। পুরো বিষয়টি পিএসসির চেয়ারম্যান ব্যক্তিগতভাবে তত্ত্বাবধান করেন। এছাড়া প্রশ্নপত্র সংরক্ষণের ভল্টরুমের নিরাপত্তায় আধুনিকায়ন করা হয়েছে। এখন কেবল সংশ্লিষ্ট বিজ্ঞ সদস্য এবং নির্দিষ্ট কর্মকর্তারা ফেসলক প্রযুক্তির মাধ্যমে ভল্টরুমে প্রবেশ করতে পারেন। ভল্টরুমের এলাকায় সর্বসাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ এবং সার্বক্ষণিক চারজন পুলিশ সদস্য সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রেও আনা হয়েছে বড় পরিবর্তন। এখন আর প্রশ্নকর্তারা বাসা থেকে প্রশ্ন তৈরির সুযোগ পাচ্ছেন না। তাদের পিএসসির নির্দিষ্ট গোপনীয় কক্ষে বসে কাজ সম্পন্ন করতে হয়। এরপর প্রশ্নপত্র সিলগালা অবস্থায় সরাসরি বিজ্ঞ সদস্যের কাছে জমা দিয়ে একই দিনে ভল্টে রাখা হয়। প্রশ্ন প্রণয়ন ও মডারেশনের কক্ষে সিসিটিভি ক্যামেরা বসিয়ে সার্বিক নজরদারি নিশ্চিত করা হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা বাড়াতে উত্তরপত্র মূল্যায়নে সার্কুলার পদ্ধতি চালু করা হয়েছে, যেখানে পরীক্ষকদের কমিশনে এসে টিমের মাধ্যমে খাতা মূল্যায়ন করতে হয়। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল তৈরিতে ওএমআর মেশিনের ব্যবহার বাধ্যতামূলক করায় দুর্নীতির সুযোগ পুরোপুরি বন্ধ করা হয়েছে। মৌখিক পরীক্ষার ভাইভা বোর্ডেও নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছে। এখন পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে প্রার্থী এবং পরীক্ষক বোর্ডের বিশেষজ্ঞ নির্ধারণ করা হয়, যাতে আগে থেকে কোন প্রার্থী কোন বোর্ডে পরীক্ষা দেবেন তা জানার কোনো সুযোগ নেই। এই কঠোর ও আধুনিক পদক্ষেপগুলোর মাধ্যমে নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা শতভাগ নিশ্চিত করা সম্ভব হচ্ছে বলে সংসদে অবহিত করা হয়।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























